ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেন বাবররা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

দীর্ঘ অপেক্ষার অবসান হবে। তিন দশক পর পাকিস্তান বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করবে। এমনই প্রত্যাশা ছিল সমর্থকদের। বাবর আজমরাও সেই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেটা পূরণে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ব্যর্থ ভারত মিশন শেষে কালই দেশে ফিরেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে সেখানেও গিয়ে পেয়েছেন তারা ব্যতিক্রমী সংবার্ধনা।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে বাবর আজম যখন দেশের মাটিতে অবতরণ করেন, তখন যে মানুষের দুয়ো শুনবেন এটাই ছিল স্বাভাবিক। সংবর্ধনা পাওয়ার মতো কোনো পারফরম্যান্সই তারা করতে পারেননি। দলকে সেমিফাইনালে তুলতে না পারার হতাশা ছেঁয়ে গিয়েছিল তাকেও। তাই দর্শকরা তাদের যে ভালোভাবে দেশে স্বাগত জানাবেন না সেটাই ছিল অনুমিত।

কিন্তু কলকাতা থেকে দুবাই হয়ে পাকিস্তানের লাহোরে বাবররা নামার পরেই দেখা যায়, অনেকে ক্রিকেটারদের দিকে ছুটে যাচ্ছেন। পাক ক্রিকেটারদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাদের আটকে দেন। কাউকে কাছে যেতে দেওয়া হয়নি। ভিড় ক্রমশ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা।

তবে দলের উপর রাগ থেকে এই ভিড় জড়ো হয়নি। তারা পাকিস্তান দলকে স্বাগত জানাতেই গিয়েছিলেন। কারণ, বেশির ভাগকেই দেখা যায় বাবরের ছবি তুলছেন। কেউ কেউ সেল্ফি তোলারও চেষ্টা করেন। কিন্তু পারেননি। একজন বাবরকে ‘রাজা’ বলেও ডাকেন। এই ছবি থেকে পরিষ্কার, বাবরদের খারাপ ফলের পরেও বিমানবন্দরে তারা বিক্ষোভের মুখে পড়েননি। উল্টো ভক্তদের ভিড়ে আটক হয়েছেন।

বিশ্বকাপে পাকিস্তানের তিন বিভাগই হতাশ করেছেন দেশটির ক্রিকেট সমর্থকদের। ব্যাটসম্যানরা যেমন প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন, তেমনি বোলাররাও ছিলেন ধারাবাহিকহীন। ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। মাঝেমাঝে ব্যাটসম্যানরা জ্বলে উঠেছিলেন ঠিকই, তবে প্রয়োজনের সময় তারা চ্যালেঞ্জটা নিতে পারেননি। তাতেই সেমির দৌড় থেকে ছিটকে যায় পাকিস্তান।

বাবরের ভবিষ্যৎ কী সেটাও এখনও স্পষ্ট নয়। লাহোরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দপ্তর। তাই বিমানবন্দরে নেমে ক্রিকেট বোর্ডের কর্তাদের মুখোমুখি বসতে হতে পারে পাকিস্তানের অধিনায়ককে। সেখানে জবাবদিহি করতে হতে পারে তাকে। তবে তার আগে ভক্তদের ভালবাসায় ভাসলেন বাবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত