অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল দুদিন আগে। তবে ভ্রমণ ক্লান্তির কারণে আগেরদিন অনুশীলন করেননি তারা। জিম আর রিকভারি সেশন করেই দিন পার করেছেন। আজ বিকেলে প্রথমবারের মতো অনুশীলন করলেন তারা। যেখানে ঠান্ডা আবহাওয়া আর অতি বাতাসে বল সামলাতেই হিমশিম খাচ্ছিলেন ফুটবলাররা।
আবহাওয়ার আলোচনাটা অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশ দল মেলবোর্নে পৌঁছার পর থেকেই শুরু হয়েছে এটা। আজ বিকেলে বাংলাদেশ দল অনুশীলন করেছে। তবে অনুশীলন শেষেও কোচিং স্টাফ, খেলোয়াড়দের আলোচনায় বারবারই এসেছে আবহাওয়া সংক্রান্ত বিষয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘এখানে অনেক ঠান্ডা এবং বাতাস। বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিল। নতুন দেশে আসলে প্রথমে এ রকম হয়েই থাকে।’
সমস্যা যেমন দেখেছেন আবার আশার কথাও শুনিয়েছেন মামুন, ‘আশা করি সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। অনুশীলনে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের।’
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবহাওয়া-দিনের বেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকে। সন্ধ্যার দিকে সেটা নামে দশেরও কমে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্য ফুটবলারদের কষ্ট হলেও অধিনায়ক জামাল ভূইয়া ও তারিক কাজীর তেমন কোনো সমস্যা হচ্ছে না। কারণ ইউরোপেই তাদের জন্ম আর বেড়ে ওঠা। তাই অস্ট্রেলিয়ার ঠাণ্ডা এ দুজনকে কাবু করতে পারেনি।
আজ প্রথম অনুশীলন শেষে জামাল বলেন, ‘আবহাওয়া একটু ঠান্ডা। অনেকেরই ঠান্ডা লেগেছে। আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো থাকবে। তারপওর দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত। যদিও আমার আর তারিকের সমস্যা হচ্ছে না।’
