সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিএনপি ও যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত রবিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ সুমনের নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগদান করেন। পরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করেন।
জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের নেতৃত্বে ওই অনুষ্ঠানে প্রায় ১০০ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। দল ত্যাগ করা ব্যক্তিরা শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা ছিলেন।
আওয়ামী লীগে যোগদানকারী শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া আহমদ সুমন দেশ রুপান্তরকে বলেন, ‘বিএনপি একটি লোভী দল। তারা মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা মানুষের ব্যবসা বাণিজ্য বাধা সৃষ্টির করে সাধারণ মানুষের পেটে লাতি মেরে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। তাদের সব সময় একটাই টার্গেট থাকে বাসে বা গাড়িতে আগুন দেওয়া। আমি আমার নিজের চোখে দেখেছি বিএনপির এ সব আন্দোলনে গিয়ে বিএনপি নেতাকর্মীরা নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছনে। অনেকেই মামলা মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঢাকায় বসে নেতারা অর্ডার দেন আর কর্মীরা মরে। তাই আমি আমার একক সিদ্ধান্তে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমরা শান্তি ও উন্নয়ন চাই।’
সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ দেশ রুপান্তরকে বলেন, ‘বিএনপির অনকে নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। কিন্ত যারা যোগ দিয়েছেন শুনছি তারা দীর্ঘদিন ধরে বিএনপিতে নিষ্ক্রিয়। আওয়ামী লীগ ক‘দিন পর পর এ সব নাটক করে বিএনপি নেতাকর্মীদের মনোবল দুর্বল করার জন্য।’
