রাজধানীর খিলক্ষেতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মফিজুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি খিলক্ষেত থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। গতকাল সোমবার রাত ৮টার দিকে কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক জানান, এএসআই মফিজুল ৩০০ ফুট সড়কের চেকপোস্টের ডিউটি শেষ করে থানায় ফিরছিলেন। পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ফেরার পথে কুড়াতলী এলাকায় চার থেকে পাঁচজন তার ওপরে আক্রমণ করে। তার মাথা ও পিঠে কয়েকটি ছুরিকাঘাত করে তারা। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
