চট্টগ্রামে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সিনিয়র জেলা দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এই রায় দেন। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মোক্তার হোসেন (৩৫) ও সাইফুল ইসলাম (৩৬)। তারা দু'জনই চট্টগ্রামের ভুজপুর থানার হলুদিয়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মোক্তার হোসেন পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আসামি সাইফুলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।
আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে দেশ রুপান্তরকে জানান, ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি ভুজপুর থানা এলাকা থেকে ২৪৮ বোতল ফেনসিডিলসহ আসামিদের গ্রেপ্তার করে র্যাব-৭। এই ঘটনায় ভুজপুর থানায় মামলা করে র্যাব। একই বছরের এপ্রিলে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর তাদের বিরুদ্ধে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১০ জন।
