যেখানে সেখানে পড়ে যাওয়া, বক্তব্য দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলা আর উল্টোপাল্টা সম্বোধন করে নিয়মিতই হাস্যরসের যোগান দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বয়সের ভারে ন্যুব্জ এই প্রেসিডেন্ট এবার নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই প্রেসিডেন্ট সম্বোধন করে বসলেন!
গতকাল সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে হকি টুর্নামেন্ট স্ট্যানলি কাপ ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন ঘটনা ঘটিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। প্রথা অনুসারে সেখানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাকে প্রেসিডেন্ট বলে বসেন বাইডেন।
তিনি বলেন, ‘স্ট্যানলি কাপ-২০২৩ সালের বিজয়ী ভেগাস গোল্ডেন নাইটসসহ আপনাদের সবাইকে হোয়াইট হাউসে স্বাগত। আমরা যেন এই অনুষ্ঠান ঠিকভাবে শেষ করতে পারি, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট হ্যারিস এখানে উপস্থিত রয়েছেন।’
বাইডেনের এই বক্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক্সে (সাবেক টুইটার) বাইডেনের ভাইরাল হওয়া এই বক্তব্যের ভিডিওতে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কি এখনো জানেন না প্রেসিডেন্ট কে?’
