ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রেই একটি মামলা হয়েছে।
গতকাল সোমবার (১৩ নভেম্বর) মার্কিন ফেডারেল আদালতে দায়ের করা ওই মামলায় বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজার বাসিন্দা এবং সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি করেছে নিউইয়র্ক-ভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)।
মামলার অভিযোগে সিসিআর লিখেছে, গাজায় নজিরবিহীন বোমা হামলা শুরু করার পর জো বাইডেন ইসরাইলের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তার মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ অনেক সদস্যও ইসরাইলকে সমর্থন দিয়েছেন। বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হলেও, ইসরাইলকে সামরিক, আর্থিক এবং রাজনৈতিকভাবে সহযোগিতা করছে বাইডেন প্রশাসন।
মামলায় ইসরাইলকে প্রতি বছর যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গাজায় গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) মামলা হয়েছে। তিন ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন মামলাটি দায়ের করে। সেই সঙ্গে ইসরাইলের ‘বর্ণবাদ’ ও ‘গণহত্যা’ তদন্তের পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদের গ্রেফতারে পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে সংস্থা তিনটি।
