মানবতাবিরোধী অপরাধ

আপিলে জামালপুরের শামসুলের সাজা কমে ১০ বছর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:১৪ এএম

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের শামসুল হক ওরফে বদর ভাইকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশ কমিয়ে তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামির করা আপিল খারিজ করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেয়।

মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ১৮ জুলাই এক রায়ে জামালপুরের তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আশরাফ হোসাইন, আব্দুল মান্নান ও আব্দুল বারী। শামসুল হকসহ আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শরীফ আহমেদ, মো. হারুন, আবুল হাশেম, ও এস এম ইউসুফ আলী। ট্রাইব্যুনালের রায়ের সময় কেবল শামসুল হক ও ইউসুফ আলী কারাগারে ছিলেন। তারা দুজন সাজা থেকে খালাস চেয়ে আপিল করেন। আপিল বিচারাধীন অবস্থায় ইউসুফ আলী মারা যান। গত ১২ জুলাই শামসুল হকের আপিলের ওপর শুনানি শুরু হয়। ১৮ অক্টোবর শুনানি শেষ হয়। আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত