মিয়ানমারের সম্ভাব্য সেনাপ্রধান!  

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম

মিয়ানমারের ভারত-চীন সীমান্তে জান্তা বাহিনী বিদ্রোহীদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে সামনে এলো মিয়ানমারের সেনাপ্রধান পদে পরিবর্তনের খবর। দেশটির সংবাদমাধ্যম ইরাওয়াদ্দি এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের সম্ভাব্য সেনাপ্রধান কিয়াও সওয়্যার লিন। সংবাদমাধ্যমটি বলছে, জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের পরম আস্থাভাজন ৪৫ বছর বয়সী এই সেনা কর্মকর্তা। 

সামরিক বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের রাজনীতির ওপর দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বহু যুগ ধরেই। কিয়াও সওয়্যার লিনের জীবনযাপন অন্যান্য সেনা কর্মকর্তাদের চেয়ে অনেক আলাদা। বেশ আরামে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেন তিনি। বলতে গেলে অল্প বয়সেই তার ক্যারিয়ার চোখে পড়ার মতো।

দেশের সর্বকনিষ্ঠ এই লেফটেন্যান্ট জেনারেল অবশ্য সরাসরি কোনো যুদ্ধে দায়িত্ব পালন করেননি। যদিও কিছুসময় যুদ্ধবিষয়ক কার্যালয়ে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এজন্য তার সহকর্মীরা তাকে মিয়ানমারের অভিনেতা হিসেবেও আড়ালে কটাক্ষ করেন বলে জানায় ইরাওয়াদ্দি।

তবে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে গণহত্যা চালায় তাতে সরাসরি যুক্ত ছিলেন কিয়াও। এমনকি ওই ঘটনার পর তার পদোন্নতিও হয়েছিল।

এর আগে মিয়ানমারে সর্বকনিষ্ঠ লেফট্যানেন্ট কর্নেল হিসেবে মিন অং হ্লাইং সেনাপ্রধান হয়েছিলেন। এবার তার সঙ্গে আরও একটি নাম যুক্ত হতে যাচ্ছে।

অন্যদিকে সেনা অভ্যুত্থানের দুই বছর পার করেছে মিয়ানমার। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী ও সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে চলছে  দফা দফায় সংঘর্ষ। সীমান্ত এলাকাগুলোয় বিদ্রোহীদের সম্মিলিত আক্রমণে বেশ বেগ পেতে হচ্ছে জান্তা বাহিনীকে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত