নদী থেকে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের সাজা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১১:১৩ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রোপারচর এলাকায় কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

সাজাপ্রাপ্তরা হলেন নাজিম উদ্দিন, শামসুল হক, শফিকুল ইসলাম, রিয়াজুল ও ইয়াছিন। এদের মধ্যে তিনজনকে ৩০ দিন করে এবং দুজনকে ১০ দিন করে বিনাশ্রম সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এই চক্রটি ড্রেজিং করে কালিগঙ্গা নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর পাড়ের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। রাতের আঁধারে এই বালুখেকোরা ড্রেজার বসিয়ে কালিগঙ্গা নদী থেকে বালু উত্তোলন করে। বুধবার সকালে অভিযান চালিয়ে নাজিম উদ্দিন, শফিকুল, শামসুল হক, ইয়াছিন মোল্লা ও রিয়াজুলকে আটক করা হয়। এ সময় একটি ড্রেজার ও কাটারসহ নৌকা জব্দ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত