দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিলে অংশ নিয়ে আমাল হোসেন ভূইয়া (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
মিছিল চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম ভূইয়া রাখিল।
নিহত আমাল হোসেন ভূইয়া উপজেলার ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন ভূইয়া ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম ভূইয়া রাখিল জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে কয়েকশ’ নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন আমাল। পরে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীদের মাঝে। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
