স্পেনের সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ সংসদে ভোটে বিজয়ী হয়েছেন। ফলে আরও এক মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যর্থ প্রচেষ্টায় জড়িত কাতালানদের জন্য সাধারণ ক্ষমা চুক্তির পর ৩৫০ আসন বিশিষ্ট সংসদে পেদ্রো ৪ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
গত জুলাইয়ে কনজারভেটিভ পপুলার পার্টি নির্বাচনে বিজয়ী হয়। কিন্তু দলটির নেতা আলবার্তো নুনেজ ফেইজো সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন।
পেদ্রো দলের এমপিদের বলেন, সাধারণ ক্ষমা চুক্তি ক্ষত নিরাময়ে সহায়তা করবে। কিন্তু সরকার গঠন করতে স্বাধীনতার পক্ষপাতী দুই কাতালান দলের ওপর তার নির্ভরতায় বিরোধীরা ক্ষুব্ধ হয়। বিরোধীদের দাবি, তার প্রস্তাবিত সাধারণ ক্ষমা চুক্তি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ।
