চতুর্থবার অস্কার সঞ্চালনায় জিমি কিমেল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:৩১ এএম

বিশ্ব চলচ্চিত্রে সম্মানজনক পুরস্কার অস্কার। প্রতি বছর অস্কার অনুষ্ঠানের সঞ্চালক কে হবেন, সেটা নিয়ে কৌতূহল থাকে সিনেপ্রেমীদের মাঝে। আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক জিমি কিমেলকে। এ নিয়ে চতুর্থবারের মতো অস্কার সঞ্চালনা করবেন তিনি।

বৃহস্পতিবার সোশ্যালে তিনি নিজেই সুখবরটি দিয়েছেন। অস্কার ট্রফির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জিমি কিমেল বলেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অস্কারের উপস্থাপনায় ফিরছি আমি। এ নিয়ে চতুর্থবার অস্কারের জমকালো আয়োজন উপস্থাপনা করতে চলেছি।’

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখেছি, ঠিক চারবার অস্কার উপস্থাপনা করবো।’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জিমির সঞ্চালনার পাশাপাশি তার স্ত্রী মলি অস্কারের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই প্রসঙ্গে অ্যাকাডেমি সিইও বিল ক্রামের বলেন, ‘জিমির সঞ্চালনায় ফেরা এবং মলির নির্বাহী প্রযোজক হিসেবে ফেরায় আমরা আনন্দিত। তারা আমাদের মতোই চলচ্চিত্র ভালোবাসেন এবং বিশ্বব্যাপী দর্শকদের জন্য একটি দারুণ বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে প্রতিশ্রুতিশীল।’

গেল বছরের অস্কার অনুষ্ঠানে একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ব। উপস্থাপনায় ছিলেন কমেডিয়ান ক্রিস রক। এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রীকে নিয়ে কৌতুক করলে ক্ষুব্ধ হয়ে সোজা মঞ্চে উঠে ক্রিসের গালে কষে থাপ্পড় মারেন স্মিথ। এ ঘটনায় বিস্মিত হয় সিনেমা বিশ্ব।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত