আর্জেন্টিনা কোচের চোখে প্রাপ্য জয় পেয়েছে উরুগুয়ে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৪৫ এএম

টানা ১৪ ম্যাচ জিতে উড়ছিল আর্জেন্টিনা। অবশেষে তাদের মাটিতে নামিয়ে আনতে পেরেছে উরুগুয়ে। দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্ব চ্যাম্পিয়নদের দিয়েছে লম্বা সময় পর হারের তেতো স্বাদ। এর জন্য নিজেদের বাজে খেলাকেই দুষলেন লিওনেল স্কালোনি। একই সঙ্গে উরুগুয়েকে প্রশংসায় ভাসাতেও ভোলেননি আর্জেন্টিনা কোচ।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা ৪ জয়ের পর আজ সকালে হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে তাদেরকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে উরুগুয়ে। ঘরের মাঠে ১৯৮৭ সালের পর এই প্রতিপক্ষে সঙ্গে হারল আর্জেন্টাইনরা।

আর্জেন্টিনার বিপক্ষে এদিন চোখে চোখ রেখে লড়াই করেছে উরুগুয়ে। ৪১তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন রোনালদ আরাউহো। পরে শেষ দিকে ৮৭তম মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন দারউইন নুনেস।

আর্জেন্টিনা মাঝেমধ্যে শাণালেও গোলের দেখা আর পায়নি। প্রায় এক মাস পর প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে নামা লিওনেল মেসিও এদিন ছিলেন না সেরা ছন্দে। টুকটাক ঝলক দেখালেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পারেননি দলের হার এড়াতে।

ম্যাচ শেষে উরুগুয়ের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন স্কালোনি, ‘উরুগুয়ে, নিঃসন্দেহে জয়টা তাদেরই প্রাপ্য ছিল। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমাদের তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কখনও হারব না এটা তো ভাবতে পারি না। দুই দলের মধ্যে দ্বৈরথ, আজকের ম্যাচে সেটার প্রমাণও পাওয়া গেছে।’

নিজেদের ভালো না খেলার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘উরুগুয়ে কী করেছে আমরা সেটা দেখেছি, তাদের পারফরম্যান্স আমাদের অবাক করেনি। যেটা হয়েছে, তা হলো আমরা ভালো খেলতে পারিনি। আর এই খেলোয়াড়দের বিপক্ষে যখন ভালো খেলবেন না তখন আপনাকে এর বড় মাশুল দিতে হবে।’

আগামী ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আজ কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ব্রাজিলও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত