বলেছেন জশ হ্যাজেলউড

ভারতের বিপক্ষে ফাইনালের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

বিশ্বকাপে চলছে পিচ নিয়ে বিতর্ক। নিজেদের সুবিধামতো উইকেট নির্বাচন করে খেলছে ভারত, এমন অভিযোগ উঠছে। সেই ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তবে উইকেট নিয়ে খুব একটা ভাবছে না রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা, বললেন দলটির অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড।

আগামী ১৯ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচে যেরকম উইকেটই ব্যবহার হোক না কেন অস্ট্রেলিয়ান পেসাররা বল করতে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানালেন হ্যাজেলউড। 

আসরের প্রথম সেমিফাইনালের আগে শুরু হয় এই পিচ নিয়ে বিতর্ক। ভারত-নিউজিল্যান্ডের সেই ম্যাচটি হওয়ার কথা ছিল অব্যবহৃত উইকেটে। কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন করা হয় তা। যদিও সেই উইকেট থেকে সমান সুবিধা পেয়েছে দুই দলই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিউইদের ৭০ রানে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত। গতকাল কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

প্রোটিয়াদের হারানোর পথে ৮ ওভারে স্রেফ ১২ রান দিয়ে ২ নেন হ্যাজেলউড। ফাইনাল ম্যাচ সামনে রেখে তিনি বলেন, ‘আমরা দেখেছি যে, আমাদের বিপক্ষে ম্যাচ বাদে ভারত বেশিরভাগ ম্যাচে তিন পেসার নিয়ে খেলেছে এবং দুর্দান্ত খেলেছে। আমরা এখানে লম্বা সময় ধরে আছি, তাই জানি কীভাবে এমন কন্ডিশনে বল করতে হয়।’

দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতো ভারতের বিপক্ষেও শুরুতে উইকেট নিতে চান হ্যাজেলউড, ‘এটি বিশাল ব্যাপার (শুরুতে উইকেট নেওয়া) এবং খেলা যত বড় হবে এর গুরুত্ব তত বেড়ে যায়। তাই আমাদের হাতে পরিকল্পনা নেওয়া আছে, রবিবার যদি আগে বোলিং নিই তাহলে আশা করি তা ফের করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত