পাকিস্তান ক্রিকেটে বইছে পালাবদলের হাওয়া। বাবর আজম ছেড়েছেন অধিনায়কত্ব। দুই ফরম্যাটে দুই অধিনায়ক হয়েছেন শাহিনশাহ আফ্রিদি ও শান মাসুদ। টিম ডিরেক্টরের পরে কোচও নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ হাফিজ। এবার দেশটির ক্রিকেটের প্রধান নির্বাচক হয়েছেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাত্র তিন মাসের মাথায় বোর্ডের এ গুরুদায়িত্ব পেলেন ওয়াহাব। শুক্রবার এক বিবৃতিতে পিসিবি এই তথ্য জানিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজ দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শুরু হবে ওয়াহাবের। পাকিস্তানের পরের অভিযান নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ থেকে ২১ জানুয়ারি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
দায়িত্ব পাওয়ার পর সাবেক এই পাক পেসার জানান, ‘জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অনেক সম্মানিত বোধ করছি এবং এজন্য পিসিবি সভাপতি জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাবেক ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেটে সংযুক্ত করার সিদ্ধান্ত অনেক প্রশংসনীয় এবং আমিও সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত।’
আরও বলেন, ‘প্রধান নির্বাচকের দায়িত্ব অনেক বেশি চ্যালেঞ্জিং। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ হিসেবে আমরা আগামী মাসে অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টি সিরিজ খেলব নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সিরিজটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের সঙ্গে আমার বেশ উষ্ণ সম্পর্ক, একসঙ্গে পাকিস্তান ক্রিকেটের সাফল্য আনতে পারব বলে আমরা আশাবাদী। আমার প্রাথমিক লক্ষ্য ঘরোয়া ক্রিকেট এবং পাকিস্তানের ফর্মে থাকা যেকোনো ক্রিকেটারদের স্কোয়াডে নিয়ে আসা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে আমি সবসময় প্রস্তুত থাকব।’
ওয়াহাব রিয়াজের পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় ২০০৮ সালে। ২৭টি টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ২৩৭ উইকেট এবং ১২০০ রান করেছেন। ৩৫ উইকেট নিয়ে তিনি বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সফল বোলারও।
