‘শেখ হাসিনার সালাম নিন/ নৌকা মার্কায় ভোট দিন/ জয় বাংলা/ জিতবে আবার নৌকা’ গানটির নতুন সংস্করণটি প্রকাশ করা হয়েছে।
গানটি একাদশ জাতীয় সংসদ নির্বাচেন ব্যাপক সাড়া ফেলে। বিগত কয়েক বছরের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, বিভিন্ন আসনের উপনির্বাচনসহ সকল নির্বাচনেই গানটির জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ। এবার গেল পাঁচ বছরের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানটির নতুন সংস্করণ বানানো হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গানটির নতুন সংস্করণের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেন।
এ সময় সঙ্গে ছিলেন গানটির শিল্পী ও সুরকার সরোয়ার ও জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস।
উদ্বোধনকালে অসীম কুমার উকিল বলেন, গত নির্বাচনের আগে টিম জয় বাংলার এক দল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এ গানটি বানিয়েছিল। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিল নির্বাচনী প্রচারণা। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছে তারা। গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। আর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাতে চাই- এবারের নির্বাচনী প্রচারণাতে যেন তারা নতুন এ গানটি ব্যবহার করেন।
গানটির গীতিকার এবং প্রযোজক তৌহিদ হোসেন বলেন, প্রথম গানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের নতুন সংস্করণে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রোরেল, মহামারি করোনা জয়ের বিয়য়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। গতবারের মতো এবারও গানটি শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে।
