ইতালিতে নারী পকেটমারদের ধরতে সংসদে বিল এনেছে ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার। জননিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন ধরেই গণপরিবহণে বিদেশি পকেটমারদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল তারা। এর অংশ হিসেবে অন্তঃসত্ত্বা ও ছোট শিশুসন্তান আছে এমন নারী পকেটমারদের আগে আইনে যে ছাড় দেওয়া হত তা রহিত করার কথা বলা হয়েছিল। এবার তা কার্যকর করতে মন্ত্রিসভা সংসদে নতুন বিল আনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন বিলের আওতায় বিচারকরা এ ধরনের অপরাধীদের আটকের আদেশ দিতে পারবেন। বিশেষ করে যদি তারা নিয়মিত অপরাধী হন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি বলেছেন, অপরাধ করার সময় মাতৃত্বকে যেন ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে সেটিই এই বিলের উদ্দেশ্য।
এক বিবৃতিতে সরকার বলছে, অন্তঃসত্ত্বা বা এক বছর পর্যন্ত শিশুদের মায়েদের সাধারণ কারাগারে রাখা হবে না। তাদের বিশেষ কারাগারে কম কড়াকড়ি প্রয়োগ করে আটকে রাখা হবে। বিরোধী দলগুলো অবশ্য এতে আপত্তি জানিয়েছে। এক বিবৃতিতে সবুজ-বাম জোট অন্তঃসত্ত্বা ও তাদের শিশুদের বিরুদ্ধে এ আইনের অপব্যবহারের অভিযোগ এনেছে। তবে বিলটি সংসদের উভয়কক্ষে পাস হতে হবে।
একইসঙ্গে এই বিলে পরিবেশবাদীদের মহাসড়ক ও রাস্তা আটকে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন করার সুযোগ তুলে নেওয়া হয়েছে।
