মনোনয়ন ফরম বিক্রির তারিখ ঘোষণার পরও জাপা বলছে 'নিশ্চিত নয়'

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:১৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে জাতীয় পার্টি। আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আজ রবিবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। ২৮ নভেম্বর জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

তবে মনোনয়ন বিক্রির তারিখ ঘোষণার পরও জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ২-১ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত