অবশেষে আল-শিফার ইনকিউবেটরে থাকা ২৮ শিশুকে নেওয়া হলো মিসরে

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলী হামলায় এখন অকার্যকর,জনশূন্য। সেই  হাসপাতালে ইতিমধ্যে ইনকিউবেটরের ৭ শিশুকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। তবে এরই মধ্যে আশার কথা হলো হাসপাতালটির ইনকিউবিটরে থাকা ২৮ শিশুকে জীবন রক্ষা ও উন্নত চিকিৎসার জন্য মিসরে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার আল-শিফায় হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। ওই সময় এসব শিশু ইনকিউবেটরে ছিল। ওই দিনের হামলার কারণে ‘নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেওয়া এসব অপরিণত’ শিশুর জীবন হুমকির মুখে পড়ে। নানান প্রতিকূলতার মধ্যে তাদের আল-শিফা থেকে উদ্ধার করে মিসরে নিয়ে যাওয়া হয়েছে।  

মিসরের স্থানীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা টিভিতে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি রেডক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা সতর্কতার সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ওই শিশুদের বের করে মোবাইল ইনকিউবেটরে রাখছেন। এরপর সেগুলোকে কার পার্কিংয়ে দাঁড়ানো অন্যান্য অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়া হয়।

মিসরে নেওয়ার আগে গতকাল রবিবার পরিণত অবস্থায় জন্ম নেওয়া এই শিশুদের গাজার দক্ষিণাঞ্চলের রাফাহর একটি হাসপাতালে নেওয়া হয়। মিসরে যাওয়ার আগে তাদের অবস্থা কিছুটা স্থিতিশীল করতেই আগে ওই হাসপাতালে তাদেরকে ইনকিউবেটরে রাখা হয়েছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত