উদ্যোক্তা হতে ধৈর্য ও চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:০৪ পিএম

সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক পণ্য ও  সেবা নিয়ে ২৩ বছর ধরে কাজ করছেন সালেহ মোহাম্মদ মোবিন। দীর্ঘ অভিজ্ঞতা পুঁজি করে হয়েছেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা। বর্তমানে বেস্ট সফট টেকনোলজির ফাউন্ডারের সিইও। কথা বলেছেন অরণ্য সৌরভ

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা

সালেহ মোবিন : ২০০১ সালে গ্রাজুয়েশন শেষে আইটি কোম্পানিতে চাকরি দিয়ে কর্মজীবন শুরু করি। পিওএস সফটওয়্যার থেকে শুরু করে অ্যাকাউন্টিং সফটওয়্যার ইআরপি সফটওয়্যার-সহ এসএপি, ওরাকল ইআরপি নিয়ে কাজ করেছি। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি ও শেখার মাধ্যমে অভিজ্ঞতা বাড়তে থাকল। পরপর কয়েকটি সফটওয়্যার ও হার্ডওয়্যার কোম্পানিতে চাকরি করার পর নিজে কিছু করার তাগিদ বোধ করলাম। যেহেতু তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মার্কেট রিসার্চ করা আছে তাই ক্যারিয়ার হিসেবে বেছে নিলাম আইটি সেক্টর। দীর্ঘ ২৩ বছরের মার্কেট রিসার্চ ও অভিজ্ঞতার ফসল বলা যায় ‘বেস্ট সফট টেকনোলজি’ প্রতিষ্ঠান। এর পাশাপাশি আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে আইটির বিভিন্ন প্রডাক্ট ও সার্ভিসের ওপর ওয়ার্কশপ, সেমিনারসহ ফ্রি প্রশিক্ষণ সেবা দিচ্ছি। এছাড়া লিংকডইনে জব ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছি।

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা হতে চাইলে

সালেহ মোবিন : তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা হতে হলে অবশ্যই জেনে-বুঝে আসতে হবে। এই খাতে ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার আগে পণ্য ও সার্ভিস নিয়ে কমপক্ষে ৩ থেকে ৪ বছর ফিজিক্যাল কাজ করে শিখে আসা উচিত। যত কম বয়সে ব্যবসায় আসা যাবে ততই ভালো হবে। তবে উদ্যোক্তা হতে অনেক ধৈর্য ও চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বা ভয় পাওয়া যাবে না। ব্যবসায় লস-লাভ দুটোই রয়েছে, কখনো কখনো দেখা যাবে চ্যালেঞ্জের মুখোমুখি না দাঁড়াতে পারায় লস হবে, সেটা সামলে নিতে শিখতে হবে। ধৈর্য নিয়ে লেগে থাকা দরকার।

কোন প্রশিক্ষণগুলো গুরুত্বপূর্ণ

সালেহ মোবিন : তথ্যপ্রযুক্তি খাতে চাকরি বা উদ্যোক্তার জন্য আইটির পণ্য ও সার্ভিসের ওপর বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং নিতে হবে। সফটওয়্যারের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ দরকার। এছাড়া গ্রাফিক্স, এনিমেশন ভিডিও এডিটিংসহ মার্কেট রিসার্চ জানতে হবে। লোকাল মার্কেটের ডিমান্ড নেটওয়ার্কিং-এ এক্সপার্ট থাকাও দরকার।

বেকারত্ব হ্রাসে কী কী উদ্যোগ নিতে হবে

সালেহ মোবিন : বেকারত্ব হ্রাস করতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার বাইরে আইটির প্রডাক্ট ও সার্ভিসের ওপর বিভিন্ন প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকাও জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত