পাবনায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে যাত্রীর ছুরিকাঘাতে পরিবহনকর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহন নামের একটি বাসে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের রহমান (২৫) ওই বাসটির চালকের সহকারী এবং সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়ার জাহিদুর রহমানের ছেলে।
জুবায়েরের পরিবারের ভাষ্যমতে, ঢাকার গাবতলী থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসার পর মাছরাঙ্গা পরিবহন বাসে যাত্রী মারুফ হোসেনের সঙ্গে সুপারভাইজার ও হেলপারের কথা-কাটাকাটি হয়। ভোর রাতে পাবনায় এসে বাস থামালে মারুফকে ডেকে আনা লোকজন বাসটির কর্মীদের মারপিট শুরু করে। এ সময় যাত্রী মারুফ ছুরিকাঘাত করলে হেলপার জুবায়ের মারা যান।
পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, মারুফ হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।
অপরদিকে, বগুড়ায় চুরির অভিযোগ তুলে জয় ইসলাম (১৬) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জয় ইসলাম শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়ার স্বাধীন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে জয় ইসলাম কাজী নুরইল গ্রামের মটুর বাড়িতে প্রবেশ করলে মটুর বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় জয় একটি সুপারি গাছে ওঠে। পরে মটু ও আশরাফুল তাকে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করেন। এর মধ্যে চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকাবাসী এসে জয়কে দুদফায় গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
