ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে কেবল একটি পয়েন্টই প্রয়োজন ছিল ইতালির। তবে স্রেফ সেই চেষ্টা না করে জয়ের জন্য খেলে তারা। আক্রমণের পসরা মেলে ধরে কোণঠাসা করে রাখে ইউক্রেনকে। যদিও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা। নিজেদের জালেও অবশ্য ঢুকতে দেয়নি বল। এতে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
যার সুবাদে বাছাইয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে ২০২৪ ইউরোর মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। আট রাউন্ড শেষে ইতালি ও ইউক্রেইনের পয়েন্ট সমান ১৪। তবে প্রথম দেখায় ২-১ গোলে জয়ী ইতালি দুইয়ে থেকে উঠল মূল পর্বে।
ইউক্রেইনের মূল পর্বে খেলার আশা অবশ্য এখানেই শেষ হচ্ছে না। আগামী মার্চের প্লে-অফে জিতে জার্মানির টিকেট কাটার সুযোগ পাবে তারা।
কাতার বিশ্বকাপের বাছাইয়ের প্লে-অফে কপাল পুড়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার আর সেই অনিশ্চয়তায় থাকতে হলো না তাদের।
প্রথমার্ধে কোনো দলই পায়নি জালের দেখা। ইতালি কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে করতে থাকে একের পর এক আক্রমণ। তাতে প্রতিপক্ষের কপালে ভাঁজ ফেলতে পারলেও জালে বল পাঠাতে পারেনি তারা।
ছোট্ট একটা গড়মিলে ৬৫তম মিনিটে বিপদে পড়তে বসেছিল ইতালি। তবে জানলুইজি দোন্নারুম্মা দেয়াল হয়ে দাঁড়ান ইউক্রেনের সামনে। জার্মানির টিকেট কাটতে ইতালির দরকার ছিল একটিই পয়েন্ট, শেষ দিকে হয়তো সেজন্যই কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে তারা। অন্যদিকে, মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে ইউক্রেইন।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচ নাটকীয় মোড় নিতে পারতো। ইতালির ডি-বক্সে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে যান মুদ্রিক, পেনাল্টির জোরাল আবেদন করে ইউক্রেইন; কিন্তু ভিএআরে ঘটনাটি খুব অল্প সময়ে পর্যালোচনা করেই বাতিল করে দেওয়া হয়।
শেষের বাঁশি বাজতেই ইতালিয়ানদের উল্লাস। কাতার বিশ্বকাপ খেলতে না পারার হতাশা ভুলে দলটির এবার ইউরোপের মুকুট ধরে রাখার অভিযানে নামার পালা।
‘সি’ গ্রুপ থেকে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ইংল্যান্ডও এদিন মাঠে নেমেছিল। নর্থ মেসিডোনিয়ার মাঠে ১-১ গোলে ড্র করা ইংলিশদের পয়েন্ট ২০।
