ভোটের আগে নতুন প্রকল্প, অনুদান ও ফলক উন্মোচন বন্ধের নির্দেশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

ভোটের আগে নির্বাচনী এলাকায় নতুন প্রকল্প গ্রহণ এবং অর্থ ছাড়, অনুদান বা ত্রাণ বিতরণের মতো কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে এ বিষয়ে আলাদা আলাদা চিঠি দিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান।

চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে অনুমোদিত কোনো প্রকল্পের অর্থ ছাড়ে খুব জরুরি হলে ইসির সম্মতি নিয়ে তা করা যাবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রার্থী হলে সরকারি কোনো সুযোগ সুবিধা ভোটের প্রচার কাজে ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী এলাকায় নতুন কোনো প্রকল্প ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপনা বা ফলক উন্মোচনেও নিষেধাজ্ঞা রয়েছে।

আগামী ৭ জানুয়ারির ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। সেদিন থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, তফসিল ঘোষণার দিন থেকে ভোটের ফলের গেজেটে প্রকাশ পর্যন্ত কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি বা আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অথবা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা বা বরাদ্দ ও অর্থ অবমুক্ত করা যাবে না।

বাংলাদেশের আইন অনুযায়ী, এ বিধান লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট ব্যক্তি আচরণ বিধিমালার বিধি-১৮ অনুযায়ী দণ্ডিত হবেন। আচরণবিধি লঙ্ঘনে জেল-জরিমানা ছাড়াও সর্বোচ্চ প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত