তালিবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের নিশানা করে অনলাইন নিগ্রহ বেড়েছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক এক মানবাধিকার গোষ্ঠীর রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
অলাভজনক সংস্থা সেন্টার ফর ইনফর্মেশন রেসিলিয়েন্স পরিচালিত ‘আফগান উইটনেস’ প্রকল্প জানিয়েছে, ২০২১ সালের জুন-ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন-ডিসেম্বরের মধ্যে অনলাইনে নারীদের নিগ্রহমূলক পোস্ট তিনগুণ অর্থাৎ ২১৭ শতাংশ বেড়েছে।
মিয়ানমারে এ ধরনের গবেষণা থেকে অর্জন করা দক্ষতার ওপর ভিত্তি করে আফগান উইটনেসের বিশেষজ্ঞদল এক্স (সাবেক ট্যুইটার) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছেন এবং তালিবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের ওপর অনলাইন নিগ্রহের প্রকৃতি বুঝতে ছয়জন আফগান নারীর বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, তদন্তকারী দল স্থানীয় আফগান ভাষা দারি ও পাশতোতে লেখা ‘৭৮ হাজারের বেশি পোস্ট’ সংগ্রহ করেছে এবং বিশ্লেষণ করেছে যেগুলো ‘প্রায় ১০০ জন রাজনৈতিকভাবে সক্রিয় আফগান নারীর অ্যাকাউন্টকে নিশানা করে’ পোস্ট করা হয়েছে।
এই রিপোর্টের লেখক বলেছেন, সাক্ষাৎকারগুলো ইঙ্গিত দিয়েছে অনলাইনে অপমানজনক পোস্টের বিস্তার নারীদের লক্ষ্যবস্তু বানাতে সাহায্য করেছে। সাক্ষাৎকারে আফগান নারীরা জানিয়েছেন, তারা পর্ণগ্রাফিক বিষয় সম্বলিত বার্তা পেয়েছেন। সেই সঙ্গে যৌন সহিংসতা ও মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে তাদের।
