বিদেশে বসে গুজব ছড়ালে মামলা হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:০২ এএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের বিরুদ্ধে গুজব রটনার জন্য যদি একটি রাজনৈতিক দল রটনাকারীদের পয়সা দেয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সেখানে মামলা করার জন্য আমাদের দলের যারা রয়েছে, তাদের বলা হয়েছে, সরকারের পক্ষ থেকেও সেই সব দেশের কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে।’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে অধিদপ্তরের গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া সভায় বক্তব্য দেন। সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিলের উপস্থিতিতে উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি এবং তথ্য অফিসার গাজী শরীফা ইয়াছমিন গুজব প্রতিরোধ ও ফ্যাক্টস চেকিং বিষয়ে অধিদপ্তরের কার্যাদি উপস্থাপন করেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামায়াত যেসব পেইড এজেন্টদের ঠিকমতো পয়সা দেয়নি, তারা ক্ষোভ প্রকাশ করেছে তাদের অডিও ভাইরাল হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা কয়েক জায়গায় মামলাও করেছে। সুতরাং কেউ যদি মনে করে যে বিদেশে বসে বসে গুজব রটাবে আর সে ধরাছোঁয়ার বাইরে থাকবে, সেটি কিন্তু নয়।’

এখন নির্বাচন নিয়েও অনেক গুজব ছড়ানোর চেষ্টা করা হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘করোনার টিকার বিরুদ্ধে এবং পদ্মা সেতু নির্মাণের সময় গুজবের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য মূলধারার গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। সাংবাদিকদের অনুরোধ করব নির্বাচন সামনে রেখে যাতে কেউ গুজব ছড়াতে না পারে, অপপ্রচার করতে না পারে, সে জন্য আপনারা আগের মতোই গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকবেন, সেটিই আমার প্রত্যাশা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত