দুই মাস পর কানাডীয়দের জন্য ই-ভিসা চালু ভারতের

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

প্রায় দুই মাস বন্ধ থাকার পর ফের কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে ভারত। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে এই ভিসা সেবা বন্ধ ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার জানায়, কানাডীয়দের জন্য ই-ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে ভারত। এর মানে হলো এখন কানাডার জন্য ট্যুরিস্ট ভিসাও দেওয়া শুরু করলো ভারত। কারণ গত মাসেই কানাডীয়দের জন্য ব্যবসা ও মেডিকেল ভিসা চালু করেছিল দেশটি।

প্রসঙ্গত, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এক শিখ নেতাকে হত্যার জেরে কানাডা-ভারতের মধ্যে প্রবল কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল। ওই হত্যাকাণ্ডে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিল কানাডা। পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, দেশটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে।

যদিও প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে দিল্লি। ভারতের দাবি, কানাডার এমন অভিযোগ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। এর জবাবে কানাডীয়দের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত