সিলেট রেলওয়ে স্টেশনে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে বুধবার (২২ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগি সিলেট রেলস্টেশনে রেখে নতুন আরেকটি বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উপবন এক্সপ্রেস ট্রেনটি।
বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টায় উপবন এক্সপ্রেস টেনটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের মাষ্টার (ভারপ্রাপ্ত) আবু নাসের রাসেল।
তিনি জানান, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি বগিতে রাত সাড়ে ৯টায় আগুন লাগে। এরপর রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। টিকিট আগে বিক্রি করার কারণে আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগি সিলেট রেলস্টেশনে রেখে নতুন আরেকটি বগি সংযুক্ত করে রাত ১২টার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উপবন এক্সপ্রেস ট্রেনটি।
