মেসিকে এসি মিলানে নিতে চেয়েছিলেন মালদিনি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৯ এএম

২০২১ সালে যখন বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি, তখন সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল এসি মিলান। কিন্তু শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে নয়, আর্জেন্টাইন মহাতারকা পাড়ি জমান পিএসজিতে। দুই বছর আগের সেই কথা এখন আবার সামনে আনলেন এসি মিলানের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মাওদিনি।

শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয় মেসির ২০২১ সালে। আর্থিক দুরবস্থার কারণে সময়ের সেরা ফুটবলারকে ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। অশ্রুসিক্ত চোখে প্রিয় ক্লাবকে বিদায় বলতে হয়ে মেসিকে।

তখনই মেসিকে দলে টানার চেষ্টা চালায় এসি মিলান। ১০ দিনের চেষ্টার পর তারা হার স্বীকার করে নেয়। এরপর দুই বছরের চুক্তিতে মেসিকে দলে ভেড়ায় প্যারিসের ক্লাব পিএসজি।

ফরাসি দলটি সঙ্গে যখন চুক্তি শেষ হয়ে যায় মেসির, তখনও নাকি তাকে দলে টানতে চেয়েছিল এসি মিলান। এই দফায়ও ব্যর্থ হয় তারা। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে দুই বছরের চুক্তিতে যোগ দেন মেসি।

সম্প্রতি মেসিকে নিয়ে আলাপচারিতায় মালদিনি বলেন, ‘১০ দিন ধরে আমরা মেসিকে এসি মিলানে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে আমরা বুঝতে পারি যে এটা অসম্ভব। এখন অনেক দেরি হয়ে গেছে…যখন আমি পড়ি যে সে ইন্টারেও যেতে পারে, তখন আমি ভয় পেয়ে গেলাম!’

ক্লাব ক্যারিয়ারের পুরোটাই এসি মিলানে কাটান মালদিনি। খেলোয়াড়ি জীবন শেষে এখানে ২০১৮ সালে যোগ দেন তিনি স্পোর্টিং স্ট্রাটেজি ও ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে। পরে ২০১৯ সালে তাদের নিয়োগ দেওয়া টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। চলতি বছরের জুনে এই ইতালিয়ান কিংবদন্তিকে চাকরি থেকে ছাঁটাই করে দেয় এসি মিলান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত