দলীয় সরকারের অধীনে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘২০১৪-১৮ সালে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। তাই এই নির্বাচনও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবে না।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে চরমোনাই ময়দানে ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার সকাল ১০টায় সারা দেশ থেকে আসা ছাত্রদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। অর্থনৈতিক সংকট আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। এই সংকট, অনিশ্চয়তা ও অস্থিরতা ও অশান্তি, এজন্য দায়ী বর্তমান আওয়ামী লীগ সরকার।’ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের এখন প্রথম কাজ হলো এই অবৈধ সরকারের পতন ঘটানো। যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় তবে আমিরের নির্দেশ অনুযায়ী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে হাতপাখাকে বিজয়ী করতে হবে।’
