অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নের সমাধি হয়েছে। তবে হারলেও ড্রেসিং রুমে গিয়ে ক্রিকেটারদের ভরসা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নজর কেড়েছে মোহাম্মদ শামিকে আলিঙ্গন করা। একটি ভিডিওতে দেখা যায় ১০ সেকেন্ড এই পেসারের মাথা নিজের বুকে চেপে ধরে বাঁ হাতে তার পিঠ চাপড়াচ্ছিলেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভিন্ন রকম আলোচনাই আছে। অনেকেই বলছেন, আগামী নির্বাচনে মুসলমানদের ভোট টানতেই শামির প্রতি বাড়তি গুরুত্ব দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। শামিকে অবশ্য এই আলোচনা স্পর্শ করেনি। সংবাদমাধ্যমে শামি এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদিকে প্রশংসায় ভাসিয়েছেন।
ড্রেসিংরুমে মোদির যাওয়া নিয়ে শামি বলছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে হারের পর যদি প্রধানমন্ত্রী আপনাকে উৎসাহ দেয়, তাতে আপনার আত্মবিশ্বাস বাড়ে। কারণ, হারের পর আপনার মনোবল এমনিতেই তলানিতে থাকে। এটা সত্যিই অন্য রকম।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ভারতের আত্মসমর্পণ নিয়ে শামি বলছেন, ‘সব মিলিয়ে আমরা দারুণ খেলেছি। সামর্থ্য ও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি ছিল না। দল হিসেবে একটা খারাপ দিন আসতেই পারে। সেটা আসতে পারে যেকোনো সময়; আর দিনটি আমাদের ছিল না।’
এবারের বিশ্বকাপে শামি ছিলেন দুর্দান্ত। লিখেছেন প্রত্যাবর্তনের গল্প। ৭ ম্যাচ খেলেই হয়েছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। নিয়েছেন ২৪ উইকেট।
