তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামার মঞ্চ তৈরি করতে ব্যর্থ হয়েছে বিরোধীরা। গতকাল শুক্রবার প্রার্থিতা ঘোষণার শেষ দিনেও ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারেনি কুওমিনতাং পার্টি ও তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি)। তবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনী লড়াই শুরু করেছে।
তাইওয়ানের নির্বাচনে চীনপন্থি এবং চীনবিরোধী অংশের লড়াই দেখা যায়। আগামী জানুয়ারি মাসের নির্বাচনে বেইজিংবিরোধী ক্ষমতাসীনরাই এগিয়ে থাকল। গতকাল টিপিপি নেতা কো ওয়েন-জি, কুওমিনতাং নেতা তাইপে শহরের মেয়র হউ ইউ-ইয়ি এবং ফক্সকনের প্রতিষ্ঠাতা ধনকুবের টেরি গোউ আলোচনায় মিলিত হন। কিন্তু তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। তবে টেরি গোউ প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তাইওয়ানের নির্বাচন সামনে রেখে গত আগস্ট থেকেই নিজের প্রার্থিতা নিয়ে সরব ছিলেন টেরি গোউ। তিনি চীনের সঙ্গে আলোচনার পক্ষে ছিলেন। বলেছিলেন, তিনি তাইওয়ানকে দ্বিতীয় ইউক্রেন হতে দিতে চান না। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতার ব্যাপারে অনড় থাকতে পারলেন না।
