চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের ড্রেসকো টেইলার্সের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বাবুলের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে অন্যের জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পরে জমির প্রকৃত মালিকের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।
জানা যায়, জোড়পুকুর পাড়ের ড্রেসকো টেইলার্সের জায়গার মূল মালিক ছিলেন মৃত ইদ্রিস পাটোয়ারী। ওই জায়গার কিছু অংশ অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলভুক্ত হলে ইদ্রিস পাটোয়ারীর ছেলে এনায়েত উল্লাহ পাটোয়ারী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত ট্রাইব্যুনালে মামলা করেন। ২০১৬ সালে মামলার রায় তার পক্ষে আসে এবং ওই জমি ‘ক’ তফসিল থেকে অবমুক্তির আদেশ দেওয়া হয়। বর্তমানে ওই জমি ড্রেসকো টেইলার্সের আনোয়ার হোসেন বাবুল অবৈধভাবে দখল করে আছেন। তিনি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত আগের রায় বহাল রাখে। পরে আবদুর রশিদ খান নামের এক ব্যক্তি উচ্চ আদালতে রিট পিটিশন মামলা করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। ২০১৭ সালে জমির মালিক এনায়েত উল্লাহ মারা যান। গত ১০ নভেম্বর আনোয়ার হোসেন বাবুল হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই জমিতে তার দোকান সংস্কার ও স্থাপনা নির্মাণ করতে গেলে মৃত এনায়েত উল্লাহর স্ত্রী সুফিয়া আক্তার থানায় অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়ালে নোটিস টানিয়ে দেয়। অভিযুক্ত আনোয়ার হোসেন বাবুল বলেন, ‘ওনারা যদি কোর্টের রায় পায় তাহলে আমি দোকান ছেড়ে দেব।’
সদর মডেল থানার এসআই ফেরদৌস নূর বলেন, ‘মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং হাইকোর্টের রিট নোটিসটি দোকানের দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে।’
