আবারও বড় ধরনের হামলা চালাল রাশিয়া। শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এমনটাই বলছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এ হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোররাতে কিয়েভের বিভিন্ন জেলায় তীব্র আক্রমণ শুরু করে রাশিয়া। মোট ছয় ঘণ্টা ধরে কিয়েভের আকাশে ছিল রাশিয়ার বিমান হামলার সতর্কতা সাইরেন এবং ইউক্রেনের বিমান প্রতিরক্ষা এবং ড্রোন বিস্ফোরণের শব্দ।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে ইরানের তৈরি ৭০টিরও বেশি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া এবং বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়েছে।
তবে পরবর্তীতে ইউক্রেনের বিমান বাহিনী ঘোষণা করে যে তারা ৭১টি কামিকাজে ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান যে, এই হামলায় ১১ বছর বয়সী এক মেয়েশিশু সহ পাঁচজন আহত হয়েছে এবং পুরো শহর জুড়ে সমস্ত জেলায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, “একটি বিধ্বস্ত ড্রোনের টুকরো শিশুদের একটি নার্সারিতে আগুনের সূত্রপাত ঘটিয়েছিল।“
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে রাজধানীতে ৭৭টি আবাসিক ভবনসহ প্রায় ২০০টি ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
শনিবারের হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে ইউক্রেন সাম্প্রতিক সময়ে অভিযোগ করেছে যে রাশিয়া আবারও ইউক্রেনের শক্তি ব্যবস্থা ধ্বংস করার জন্য বড় ধরনের হামলা চালাবে, যেমনটি গত শীতে করতে চেয়েছিল।
