ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নানী ও নাতি নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তারকে ডাক্তার দেখানো জন্য নাতি আব্দুল্লাহসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় যাচ্ছিলেন। বিকাল চারটার দিকে তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানী জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়। তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতদের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।
