মৌলভীবাজারে বিভিন্ন মামলায় গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা কারাগারে বন্দির সংখ্যা বাড়ছে। কারাগারটিতে ৩১৬ জন বন্দির ধারণক্ষমতাসম্পন্ন হলেও আছেন ৭২৫ জন।
যদিও কারা কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত বন্দির চাপ সামলাতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এ ছাড়া কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, শহরের জজ কোর্টের পাশে অবস্থিত পুরাতন কারাগারের জায়গা কম হওয়ায় ও বন্দিদের আবাসন না হওয়ায় শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মৌলভীবাজার-ঢাকা সড়কের গোমড়া মোকামবাজার এলাকায় নতুন করে মৌলভীবাজার জেলা কারাগার নির্মাণ করা হয়। নবনির্মিত এ কারাগারটি ২০০৪ সালে উদ্বোধনের পর পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে বন্দিদের স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, জেলার প্রতিটি থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার একাধিক মামলা হয়েছে। ওই মামলায় এখন পর্যন্ত ৬৮জন গ্রেপ্তার হয়েছেন। যাদের সবাই জেলা কারাগারে বন্দি। এ ছাড়াও অন্যান্য মামলায় প্রতিদিনই দুয়েকজনকে কারাগারে পাঠানো হচ্ছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান দেশ রূপান্তরকে জানান, যারা নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত কার্যকলাপ করছে তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ।
মৌলভীবাজারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার দেশ রূপান্তরকে জানান, ধারণক্ষমতার অনেক বেশি বন্দি হলেও বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আসামির সংখ্যা দিগুণ বা তিনগুণ হলেও বন্দিদের খাবারের বরাদ্দে কোনো সমস্যা নেই। জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
