এক শোতে অংশ নিতে নেপালের কাঠমন্ডুতে উড়ে গেলেন অরিজিৎ সিং। সঙ্গে রয়েছেন তার স্ত্রী কোয়েল রায়। বিমানবন্দরে ক্যামেরাবন্দি করা হয় তাদের। সেখান থেকে বেরিয়ে সোজা অনুষ্ঠান স্থলে চলে যান সাউন্ড চেকের জন্য। সেখানে ধরা পড়ল তার অস্বস্তি। প্রকাশ্যে এল ভিডিও।
রাতে শো। তার আগে মঞ্চ ও আশেপাশে ঘুরে দেখছিলেন অরিজিৎ। বেশ কিছুক্ষণ পর মঞ্চে উঠে সাউন্ড চেক করেন। ছাই রঙা প্যান্ট ও সবুজ হুডি পরে গলায় গিটার নিয়ে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। গায়কের হাঁটতে যে কষ্ট হচ্ছিল, তা ভালই বোঝা যাচ্ছে সেই ভিডিওতে। কিন্তু কী কারণে খোঁড়াচ্ছিলেন তিনি, সেটি এখন পর্যন্ত অজানা।
সম্প্রতি জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ সিরিজে অরিজিতের গান ‘ইন রাহো মে’ মুক্তি পেয়েছে। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিতে অরিজিতের ‘লুট পুট গয়া’ গানটি রীতিমতো সাড়া ফেলেছে।
