ভিসা থাকা সত্ত্বেও ৪ হাজার আফগানকে ফেরত পাঠাল ইরান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

পাসপোর্ট এবং ভিসা থাকা সত্ত্বেও আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইরান সরকার। হেরাতের স্থানীয় কর্মকর্তারা টোলোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, গত এক মাসে ইরান থেকে বিতাড়িত আফগান অভিবাসীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

হেরাত শরণার্থী বিভাগের তথ্য অনুযায়ী, ইরান থেকে বিতাড়িত প্রায় চার হাজার আফগান ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কালা বন্দর দিয়ে দেশে ঢুকেছে।

বন্দরটির অভিবাসন বিষয়ক প্রধান আবদুল্লাহ কাইয়ুমি বলেন, ইরান থেকে বিতাড়িত বিপুলসংখ্যক বৈধ অভিবাসী প্রতিদিন বন্দর দিয়ে দেশে ঢুকছে। তারা কর্মসংস্থানের সন্ধানে ইরানে গিয়েছিল। তাদের বৈধ কাগজপত্র রয়েছে। 

আবদুল্লাহ কাইয়ুমি জানান, ইরান গণমাধ্যমকে বলছে যাদের পাসপোর্ট ও বৈধ কাগজপত্র নেই, তাদের বিতাড়িত করা হচ্ছে। কিন্তু এটি সত্য নয়।

ইরান থেকে ফেরত আসা খায়রুল্লাহ বলেন, আমাদের কাছে ইরানের ভিসা ছিল। এরপরেও পুলিশ গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠায়। তাদের বলেছিলাম- আমাদের পাসপোর্ট আছে। তারা বলেছে, সেখানে পাসপোর্ট কাজ করে না। এরপর আমাদের পাসপোর্ট ছিড়ে ফেলা হয়।

মোহাম্মদ নাসের নামের একজন বলেন, আমরা যখন তাদের বলি আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে, তখন তারা আমাদের মুখ বন্ধ করতে বলে।

মানবাধিকার কর্মী সৈয়দ আশরাফ বলেন, ইরান সবসময় তার নিজস্ব রাজনৈতিক অগ্রাধিকার অনুসরণ করে আসছে। আফগান অভিবাসীদের সঙ্গে রাজনৈতিক আচরণ করা হচ্ছে। কে বৈধ এবং কে নয় ইরান তা বিবেচনা করছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত