দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কিশোরগঞ্জ-৬ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৬ আসন থেকে পঞ্চমবারের মতো মনোনয়ন পেয়েছেন বিসিবি বস। ২০০৯ সালে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পাপন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
