ছাত্রলীগকর্মীর থাপ্পড়ে কানের পর্দা ফাটল ইবি শিক্ষার্থীর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে শাখা ছাত্রলীগের এক কর্মী।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আজ রবিবার এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী এনামুল হক ইমন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযুক্ত মিনহাজুল হক রুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে পরিচিত।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভুক্তভোগী ইমন। তখন অভিযুক্ত বদরুল আমিন পিয়াস ভুক্তভোগীর পথ রোধ করে বাইক থামাতে বলেন। সেখানে পিয়াসের সাথে কিছুক্ষণ কথা বলে ভুক্তভোগী চলে যেতে শুরু করে। তার কিছু পরেই অভিযুক্ত মিনহাজুল হক রুমন নেশাগ্রস্থ অবস্থায় তার কয়েকজন সহযোগী নিয়ে ইমনের ওপর হামলা করে।

এ সময় ইমনের বাম কানে প্রচণ্ড আঘাত লাগে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেন। এর পরেও অসুস্থ্যতা অনুভব করায় ইমনকে নাক-কান-গলা বিশেষজ্ঞকে দেখাতে বলেন চিকিৎসক ডা. রবিউল ইসলাম।

পরে কুষ্টিয়ায় নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. এম. এ. মান্নানকে দেখালে ইমনের কানের পর্দা ফেটে গেছে বলে নিশ্চিত করেন। এ ছাড়াও অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক।

এ বিষয়ে ভুক্তভোগী এনামুল হক ইমন বলেন, ‘ওখানে আমার কোনো দোষ ছিল না। হঠাৎ রুমন ভাই এসে আমাকে মারধর করে। এতে আমার কানের পর্দা ফেটে যায়। আমি আমার অপারেশনের পুরো খরচসহ কর্তৃপক্ষের কাছে দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘সে আমাদের কর্মী না। লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী।’

এদিকে অভিযুক্ত মিনহাজুল হক রুমনকে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। পরবর্তী প্রক্টরিয়াল বডির মিটিংয়ে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত