বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে : শেখ হাসিনা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:২৫ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রার্থীদের সাবধান করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আওয়ামী লীগ প্রধান একই সঙ্গে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ‘সবাইকে নজর রাখতে হবে যাতে বিনা ভোটে কেউ নির্বাচিত হতে না পারে।’ এ সময় শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাদের নির্দেশ দেন। তিনি বলেন, বিরোধী দল না আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে। সে ক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন আওয়ামী লীগ প্রধান।

এর আগে, সকাল থেকেই গণভবনের প্রবেশ পথে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী মতবিনিময় সভায় যোগ দিতে গণভবনে যান।

প্রধানমন্ত্রী বলেন, তার দল তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না, কারণ জনগণই তার শক্তি। তিনি বলেন, ‘দেশের জনগণ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষামোদের রাজনীতি করতে পারি না।’

আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, ‘এ মাটি আমাদের। এখানে কারও খবরদারি বরদাস্ত করা হবে না। জনগণই আমাদের শক্তি এবং আমরা কারও ওপর নির্ভরশীল নই।’

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গত ১৫ বছরে তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো সংক্ষেপে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ শান্তিতে রয়েছে। দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

শেখ হাসিনা বলেন, দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসেবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন। তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

এরপর বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত