খুলনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার কর্মী-সমর্থকরা। গতকাল রবিবার বিকেল থেকে নগরীর খুলনা-যশোর মহাসড়কের রেলিগেট এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনের কাছে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধের খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিতে ব্যর্থ হয়। এ সময় সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় মন্নুজান সুফিয়ান ও মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে
×
