চীনে নিউমোনিয়া বাড়ায় বাড়তি চিকিৎসাকেন্দ্র প্রস্তুতে তাগিদ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:২৬ এএম

চীনের রহস্যজনক নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার ঘটনায় একাধিক রোগ সৃষ্টিকারী জীবাণু তথা প্যাথোজেন পাওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য কমিশন। কর্তৃপক্ষ আবারও পুনর্ব্যক্ত করেছে, করোনাভাইরাস সৃষ্টিকারী ভাইরাসই সাম্প্রতিক নিউমোনিয়ার কারণ হতে পারে। তবে ক্রমান্বয়ে রোগের প্রাদুর্ভাব আরও বাড়তে থাকলে সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে গতকাল রবিবার স্থানীয় কর্তৃপক্ষকে বাড়তি স্বাস্থ্যকেন্দ্র তথা ক্লিনিক প্রস্তত রাখতে বলা হয়েছে। গতকাল চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে শ্বাসযন্ত্রে রোগের সংখ্যা বৃদ্ধি ইনফ্লুয়েঞ্জার প্রধান কারণ। রিনোভাইরাস, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস ছড়াচ্ছে। শ্বাসযন্ত্রের রোগের ক্রমবৃদ্ধিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত বৃহস্পতিবার চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়, রোগ বাড়ছে, তবে সম্ভবত এর জন্য দায়ী প্যাথোজেন ‘অজানা’ কোনো কিছু নয়। মি ফেং বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বাড়তি রোগীদের চিকিৎসার জন্য ক্লিনিক এবং চিকিৎসাকেন্দ্র বাড়ানো দরকার। সেই সঙ্গে রোগীদের জন্য অতিরিক্ত পরিষেবা পাওয়ার সময় বৃদ্ধির পাশাপাশি ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্কুল, শিশু সুরক্ষাকেন্দ্র, নার্সিং হোমসহ বিভিন্ন কোলাহলের জায়গায় মহামারী প্রতিরোধের জন্য প্রযোজ্য কাজ করা উচিত। এ ছাড়া মানুষের চলাচল কমানো উচিত। চীনের এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভারত সরকার সতর্ক থাকার কথা জানিয়েছে। গতাকল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলোকে সংশোধিত নজরদারি কৌশল প্রতিপালন করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত