ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যকার চারদিনের যুদ্ধবিরতির শেষদিন আজ। কাতার ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর আশা চলমান যুদ্ধবিরতি বাড়তে পারে, সেই লক্ষ্যে চলছে আলোচনা।
তবে এই যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিমতীরে অভিযান, গ্রেপ্তার ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার ও তীরে অভিযান চালানোর সময় ২৬জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সোনাবাহিনী। খবর আল জাজিরা।
প্রতিবেদনে এক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের হেবরনের নিকটবর্তী বানি নাইম শহর থেকে গতকাল রোববার তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতির মধ্যেই গত শনিবার পশ্চিম তীরে হামলা চালিয়ে ৬ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দেড় মাসের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পশ্চিম তীরে নিহত হয়েছে ২৩৯ ফিলিস্তিনি।
ফিলিস্তিনি কমিশন ফর ডিটেনিস অ্যান্ড এক্স-প্রিজনারস অ্যাফেয়ার্সের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত দেড় মাসে পশ্চিম তীরে ইসরায়েলের হাতে গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনিদের সংখ্যা ৩২০০ তে পৌঁছেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪১ জন সাংবাদিক রয়েছে যাদের মধ্যে ২৯ জন এখনও ইসরায়েলের আটক আছেন।
এছাড়া রবিবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে এই অধিকৃত অঞ্চল থেকে আটক হওয়া ফিলিস্তিনিদের সংখ্যা ৭ হাজারেরও বেশি। এদের মধ্যে ২০০ জনেরও বেশি শিশু এবং প্রায় ৭৮ জন মহিলা রয়েছে।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অভিযানে শতাধিক অসুস্থ ও আহত ব্যক্তিকেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। যাদের মধ্যে কয়েকজনের জরুরি চিকিৎসা প্রয়োজন বলা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয় যে, সাম্প্রতিক গ্রেপ্তার ও আটকের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর বিস্তৃত অভিযানে বহু বাড়িঘর ধ্বংস করা হয়েছে এবং আটক ও বন্দিদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
