মৃত্যুশয্যায় যে মুহূর্তটি মনে পড়বে কামিন্সের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

ফাইনালে ভারতীয় দর্শকদের গর্জন থামাতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। আগের দিন সংবাদ সম্মেলনে এমন ইচ্ছার কথাই জানিয়েছিলেন তিনি। আর সেটা করেও দেখিয়েছেন।

সেদিন ফাইনাল দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন ৯২ হাজারের বেশি দর্শক। আগে ব্যাট করতে নামা ভারতের হয়ে মুহুর্মুহু উল্লাস করে চলেছিলেন তারা। চার-ছয় তো বটেই, ভারতের একেকটি রানে গ্যালারির যেকোনো একটি প্রান্ত উল্লসিত হয়ে উঠলেও সেটি ছিল কামিন্সদের জন্য অন্যতম প্রতিপক্ষ।

এমন হইচইপূর্ণ পরিবেশের মধ্যে ম্যাচের ২৯তম ওভারে নিস্তব্ধতা নামিয়ে আনেন কামিন্স। তার শর্ট লেংথের বল আলতো করে খেলতে চেয়েছিলেন বিরাট কোহলি। তবে বল যে বেশি উঠবে, ভাবতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল গিয়ে স্টাম্প ভেঙে দেয়। ৬৩ বলে ৫৪ রান করা কোহলির অমন আউটে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি।

dorshok

সুনসান সেই মুহূর্তটি উঠে এসেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এইজের সাক্ষাৎকারে কামিন্সকে জিজ্ঞেস করা হয়, ৭০ বছর বয়সে মৃত্যুশয্যায় শুয়ে ফাইনালের কোন মুহূর্তটা তিনি মনে করতে পারবেন?

জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক কোহলির উইকেটের কথা বলেন। ওই মুহূর্তের বর্ণনায় তিনি বলেন, ‘উইকেটটা পেয়ে আমি খুবই উৎফুল্ল ছিলাম। তারপর সবাই যখন গোল হয়ে দাঁড়ালাম, স্টিভেন স্মিথ বলল, “এসো, সবাই এক সেকেন্ড দর্শকদের শব্দ শুনি।” মুহূর্তের জন্য আমরা চুপ করে গেলাম। মনে হলো গ্রন্থাগারের নীরবতার মধ্যে আছি। চারপাশে হাজার হাজার ভারতীয় দর্শক। কিন্তু একেবারে নিস্তব্ধ। এই মুহূর্তের স্বাদটা আমি অনেক দিন অনুভব করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত