আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন একই আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি দলীয় নেতাকর্মীদেরও অনুরোধ করেছেন, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে।
আজ সোমবার (২৭ নভেম্বর) বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর দেশ রূপান্তরকে মোবাইল ফোনে বলেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। নেত্রী আমাকে নৌকা আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত ফেরত দেওয়ার দায়িত্ব আমার। ফলে সাকিব এখানে কোনো বিষয় না, (নৌকা) যাকেই দিত, আমি আমার সর্বোচ্চ যতটুকু করার, আমি তার জন্য করতাম। সাকিবের জন্যও আমার যতখানি যা করার আমি করব। এটা নিয়ে সাকিবের টেনশন (চিন্তা) করার কিছু নেই।’
সাইফুজ্জামান শিখর আরও বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে, তার বাবার সঙ্গেও কথা হয়েছে। তাদের বলেছি, এটা আওয়ামী লীগের মনোনয়ন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন।’
২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান শিখর। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। তার বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী, এবারও মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন তিনিই। তবে শেষ মুহূর্তে সাকিব এসে সব হিসাব-নিকাশ বদলে দিয়েছেন।
