দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক।
সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বাগমারাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তাকে কাঁদতেও দেখা যায়।
ফেসবুক লাইভে তিনি বলেন, আমি ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আপনাদের সেবা করে যাচ্ছি। তিন তিনবার আমাকে আপনারা নির্বাচিত করেছেন। এজন্য বাগমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই।
এমপি এনামুল হক বলেন, আমি আজ বাগমারায় আসব। আপনাদের সাথে কথা বলব। আমি রক্তাক্ত জনপদ বাগমারাকে বসবাসের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি ছিল। আমি একাধারে দলের মানুষ দলের সঙ্গে বা নির্দলীয় শ্রেণি-পেশার মানুষের সাথে কাজ করেছি। এই জনপদকে কেউ অশান্ত করবে সেটা আমি কোনোদিন করতে দেব না। আমি আপনাদের সাথে নিয়ে এই শান্তির জনপদের উন্নয়নকে অব্যাহত রাখব। আমি আপনাদের পাশে আছি। আমি আজকেই বাগমারা এসে আপনাদের সাথে বসব। আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমি বাগমারাবাসীর পাশে থাকতে চাই।
তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্তের মালিক আপনারা। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার উন্ননয়শীল এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এ জন্য শান্ত থেকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবার করে দেশ ও বিদেশের কাছে জননেত্রীর শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।
