কুড়িগ্রাম সদরে ডিমের খাঁচার ভেতরে অভিনব কায়দায় ফিটিং করে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি এলাকার মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩২) ও নাগেশ্বরী উপজেলার আনিস (৩৫)।
জেলা পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি টিম মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে জেলা সদরের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে অভিনব কায়দায় ডিমের খাঁচা কেটে ফিটিং করা ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ও আনিসকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা অভিনব কায়দায় ডিমের খাঁচা কেটে তার ভেতরে মাদক ফিটিং করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের একটি চৌকস টিম তাদের গ্রেপ্তার করে। এই বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এরসাথে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
