সন্তানকে দুদিন ৬ ঘণ্টা করে কাছে পাবেন আমেরিকান বাবা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:২১ এএম

বাংলাদেশি মায়ের কাছে থাকা শিশুসন্তানকে হাইকোর্টের আদেশে সপ্তাহের নির্র্দিষ্ট সময় সান্নিধ্যে পাবেন আমেরিকার নাগরিক গ্যারিসন রবার্ট লুটরেল। সন্তানের জিম্মা নিয়ে লুটরেলের করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশ অনুযায়ী, বাংলাদেশি মা ফারহানা করিমের কাছে থাকা তিন বছরের ওই শিশুকে সপ্তাহের শনি ও মঙ্গলবার ৬ ঘণ্টা করে কাছে পাবেন লুটরেল। রাজধানীর উত্তরা ক্লাবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সুযোগ পাবেন তিনি।

আদালতে গ্যারিসনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও সজীব মাহমুদ। শিশুর মায়ের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আদালত পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য রেখেছে।

গ্যারিসন লুটরেল ও ফারহানার এক মাস বয়সী আরও এক শিশুসন্তান রয়েছে।

আইনজীবীদের তথ্য মতে, আমেরিকার নাগরিক গ্যারিসন লুটরেল ও বাংলাদেশি ফারহানা ২০১৮ সালে বিয়ে করেন। তিন বছর আগে তাদের প্রথম ছেলেসন্তানের জন্ম হয়। পারিবারিক টানাপড়েনে চলতি বছরের জুনে ফারহানা বাংলাদেশে চলে আসেন। কাজি অফিসের মাধ্যমে আরেমিকান স্বামীকে তালাকের নোটিস পাঠান তিনি। এর মধ্যে তাদের আরও এক ছেলেসন্তানের জন্ম হয়।

অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সপ্তাহে দুদিন নির্দিষ্ট সময় ছেলেকে কাছে পাওয়ার অনুমতি দিয়েছেন। তবে এক মাস বয়সী শিশুর বিষয়ে কিছু বলেননি আদালত।’ তিনি আরও বলেন, স্ত্রী ফারহানা স্বামী গ্যারিসনকে তালাকের নোটিস দিলেও সেটি কার্যকর হবে না। কারণ তাদের বিয়ে হয়েছে আমেরিকার আইনে। তালাক কার্যকর করতে হলে সেই দেশের আইনে কার্যকর করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত