২৮ বছর পর নিজ এলাকায় মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২৮ বছর পরে জন্মভূমি বরিশাল-৩ আসন (বাবুগঞ্জ-মুলাদী) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে তার অনুসারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক ফিরোজ।

তিনি বলেন, জোটের সিদ্ধান্তে বাবুগঞ্জ থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

এদিকে পাঁচবারের নির্বাচিত এ সংসদ সদস্য বরিশাল-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় তার অনুসারী ও নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, রাশেদ খান মেনন ১৯৭৯ ও ১৯৯১ সালে এ অঞ্চল থেকে এমপি নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত